মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেট, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট পাওয়া না গেলেও কালোবাজারে সারাদিনই বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
বুধবার সকালে ঈদের আগাম টিকেট ছাড়ার ২০ মিনিটের মধ্যে কাউন্টারের টিকেট শেষ হয়ে গেলেও কালোবাজারে বেশি দাম দিয়ে সারাদিনই টিকেট কিনতে দেখা গেছে যাত্রীদের।
বুধবার ভোরে সিলেট রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকেটের জন্য লাইনে হাজারো মানুষের ভিড়। তাদের অনেকেই অভিযোগ করলেন, রেলের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাও টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত।
অবশ্য রেল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
রেল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে উপবন এক্সপ্রেসে ৩৫০টি, পারাবতে ৫৬৩টি, কালনীতে ৬০১টি ও জয়ন্তিকা এক্সপ্রেসে ৪৪৪টি আসন রয়েছে। এছাড়া সিলেট-চট্টগাম রুটে চলা পাহাড়িকা এক্সপ্রেসে ৪৮৩টি ও উদয়নে ৪৩২টি আসন রয়েছে।
গত ৪ অগাস্ট থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে সিলেট রেল স্টেশনে। মঙ্গলবার পর্যন্ত ১২ হাজার ৮৪২টি টিকেট বিক্রি হয়েছে।
যাত্রীদের যত অভিযোগ
শুক্রবার রাতের সিলেট-ঢাকা টিকিট কাটার জন্য বুধবার ভোর থেকেই লাইনে ছিলেন রফিকুল ইসলাম (৪০)। সকালে কাউন্টারের সামনে যখন পৌঁছালেন, তখন তাকে জানানো হয়, ওই রাতের কোনো টিকেট নেই।
আধ ঘণ্টা পর রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ভাই, টিকেট পাওয়া গেছে। অন্য কারো লাগলেও পাওয়া যাবে।’’
টিকেট না পেয়ে হতাশ রফিকুল যখন এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন, তখনই একজন তার কাছে যাত্রার তারিখ ও স্থান শুনে টিকেট ‘ম্যানেজ’ করে দেবেন বলে জানান।
কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটু দূরে নিয়ে রফিকুলের হাতে প্রত্যাশিত টিকেট ধরিয়ে দেন। এর জন্য ১৮০ টাকার টিকেটে রফিকুলকে গুণতে হয় ২৮০ টাকা।
শুধু রফিকুল নন, স্টেশনের কাউন্টার থেকে খালি হতে বের হওয়ার পর প্রতিদিনই শত শত যাত্রী বেশি দাম দিয়ে কালোবাজারে টিকেট কিনতে বাধ্য হচ্ছেন।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট পাওয়া আমজাদ হোসেন জানান, ১৭ অগাস্টের লাকসামের টিকেট কিনতে মধ্যরাত থেকে তিনি লাইনে। সকাল সোয়া ৯টায় বেশি দাম দিয়ে টিকেট কিনতে পেরেছেন, তাও দূরবর্তী স্টেশন ফেনীর।
আমজাদের অভিযোগ, লাকসামের জন্য ৪০টি টিকেট বরাদ্দ; আর তার সামনে লাইনে ছিলেন মাত্র ১০-১২ জন। এরা সবাই লাকসামের টিকেট কিনলেও ৪০টি টিকেট শেষ হওয়ার কথা নয়।
আমজাদ হোসেনের প্রশ্ন- তাহলে টিকেটগুলো গেল কোথায়?
চট্টগ্রামগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, “রেলের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দালালরা টিকেট কিনে সারাদিনই কালোবাজারে বিক্রি করছে। রেল স্টেশনের বিভিন্ন দোকানেও টিকেট মিলছে।”
কাউন্টারের টিকেট রেস্তোরাঁয়
সিলেট স্টেশনে কারা রেলের টিকেট কালোবাজারি করছে- এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট অনেকেই আঙুল তুললেন রেল স্টেশন ভবনের খাবার দোকান সিলহট রেস্টুরেন্টের দিকে।
রেল কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহ দুই আগে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিকেটসহ দোকানের ব্যবস্থাপককে গ্রেপ্তার করে পুলিশ। রেস্তোরাঁ মালিক ইকবাল মিয়াই এ কালোবাজারি চক্রটি চালান বলেও অভিযোগ রয়েছে।
অবশ্য ইকবাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, টিকিট কালোবাজারিতে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তাহলে তার দোকানের ব্যবস্থাপককে টিকিটসহ আটক করা হলো কীভাবে জানতে চাইলে তিনি নিরব থাকেন।
রেল কর্তৃপক্ষের বক্তব্য
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মুহিবুর রহমান দাবি করেন, তার স্টেশনে টিকেট বিক্রিতে কোনো অনিয়ম বা কালোবাজারি হচ্ছে না। টিকেট না পেলেয় যাত্রীরা ‘উল্টা-পাল্টা’ কথা বলছেন।
কালোবাজারে টিকেট বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব টিকেট কাউন্টারেই বিক্রি করি। এখান থেকে কিনে নিয়ে কেউ যদি বাইরে বিক্রি করে, তখন আমাদের কিছু করার থাকে না।”
টিকেট ছাড়ার পর ২০-২৫ মিনিটেই সব টিকেট শেষ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে মুহিবুর রহমান বলেন, “ট্রেনের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় টিকেটের চাহিদা বেশি। তবে বাইরে থেকে টিকেট না কেনাই উচিৎ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩২০ ঘ.
bdnews24