ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যামামলায় ৩২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া তৎকালীন হাকিম শামীমা পারভিনকে বুধবার জেরা করেছেন আসামি পক্ষের কৌঁসুলিরা।
বুধবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে জবানবন্দি দেওয়ার পর বর্তমান যুগ্ম জেলা জজ শামীমা পারভীনকে জেরা করা হয়।
শামীমা পারভীন ঢাকা মহানগর হাকিম থাকাকালে পিলখানা হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ৩২ জনের জবানবন্দি গ্রহণ করেন।
আদালত আগামী ১৩ অগাস্ট পর্যন্ত শুনানি মুলতবি করেছে জানিয়ে সরকার পক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিন শামীমা পারভীনকে জেরা করা শেষ হবে।
এই আইনজীবী জানান, সকাল সাড়ে ৯টার দিকে এই মামলার অন্যতম সাক্ষী সরকারদলীয় হুইপ মির্জা আজম সাক্ষ্য দিতে আদালতে এসেছিলেন। কিন্তু শামীমা পারভীনকে জেরা শেষ না হওয়ায় তিনি কিছুক্ষণ অবস্থান করে চলে যান।
১৩ অগাস্ট মির্জা আজম সাক্ষ্য দিতে পারেন বলে অ্যাডভোকেট কাজল জানান।
শামীমা গত ৬ অগাস্ট জবানবন্দি দেওয়া শুরু করেন এবং বুধবার তার জবানবন্দি শেষ হলে আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, মো. শাহজাহান, শামীম সরদার এবং ফারুক আহমেদ তাকে জেরা করেন।
আইনজীবীদের প্রশ্নের জবাবে শামীমা পারভীন জানান, যখন তাদের জবানবন্দি তিনি নেন সেখানে তার দেওয়া সার্টিফিকেটে শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দি লেখা হয়েছে তার আগে ‘দোষ’ শব্দটি লেখা হয়নি।
আসামিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং তাদের অনেকেই আঞ্চলিক ভাষায় জবানবন্দি দেন, যা চলিত ভাষায় লেখা হয়েছে বলে তিনি জানান।
এমন প্রশ্নের জবাবে শামীমা পারভীন বলেন, আসামিরা যা বলেছেন, তিনি তাই লিখেছেন।
তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, আগে থেকেই তাদের বক্তব্য লিখে রাখা হয় ।
এই ৩২ আসামির প্রত্যেকের জবানবন্দি গ্রহণের আগে তিন ঘণ্টা করে সময় দেওয়া হয়েছে বলে জানান শামীমা পারভীন।
এই মামলায় গত ৬ অগাস্ট পুলিশের সাবেক মহাপরিদর্শক ও বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং ১ অগাস্ট প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সাক্ষ্য দেন।
এছাড়া নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
এই মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে তলব করা হলেও তিনি আসেননি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০৫২ ঘ.
bdnews24