২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

অপহরণের চারদিন পর বুধবার গাজীপুরের গজারী বন থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

গাজীপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চারদিন পর বুধবার গাজীপুরের গজারী বন থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ অগাস্ট) বিকালে গাজীপুর সদরের ছোট দেওড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাগর (১১) নিখোঁজ হয়। সে সদর উপজেলার পূর্ব চান্দনার শাজাহান মিয়ার ছেলে। বুধবার গাজীপুরের শিমুলতলী র‌্যাব-১ ক্যাম্পে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. ফারুক আহমেদ খান সাংবাদিকদের বলেন, সাগরকে পাশের বাড়ির ভাড়াটে সাজ্জাদ হোসেন ওরফে ছোট হোসেন কৌশলে অপহরণ করে সদরের চতর এলাকায় নিয়ে যায়। পরে স্থানীয় বনখড়িয়া গজারী বনে নিয়ে তাকে হত্যার পর সাগরের বাবার কাছে দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের এক লাখ টাকা দিতে রাজি হন। এদিকে বিষয়টি তিনি র‌্যাবকে জানান। সে অনুযায়ী পরিকল্পনা করে মঙ্গলবার রাতে টাকা লেনদেনের সময় র‌্যাব কৌশলে সাজ্জাদ হোসেন ওরফে ছোট হোসেন (৩০), জয়নাল আবেদীন (৫৫) ও সালমা বেগমকে (৪৫) আটক করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহেল (৩৫) ও আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে সকাল ১১টার দিকে গজারী বনে সাগরের অর্ধগলিত লাশ পাওয়া যায়। র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাগরের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.