ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের নেওয়া পদক্ষেপকে ‘যুদ্ধপ্রস্তুতির’ সঙ্গে তুলনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রেলভবনে এক সভা শেষে যোগাযোগমন্ত্রী বলেন, “যেভাবে একটি যুদ্ধপরিস্থিতি মোকাবিলা করা হয়, ঠিক সেভাবে আগামী ঈদে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে।”
ওবায়দুল কাদের বলেন, যাত্রাবাড়ি-গুলিস্থানে হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ না হওয়ায় যানজট হচ্ছে। তাই সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সিএনজিচালিত যানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদ উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশনগুলো ১৫ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সুপারিশ করা হয়েছে বলেও মন্ত্রী জানান।
দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে সরানোর জন্য পরিবহন মালিক সমিতির নেতারা বৈঠকে সেনাবাহিনীর কাছ থেকে রেকার আনার দাবি জানান। এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হবে বলে তাদের আশ্বাস দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “অনরবরত স্বপ্নের কথা শোনাব না, যাত্রীরা যাতে ভোগান্তি ছাড়া যেতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। আগামী ঈদে যাত্রী সাধারণকে স্বস্তি দিতে পারব।”
খারাপ সড়ক ‘প্রতিনিয়ত’ ঠিক করা হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, “ঈদে মহাসড়কগুলোতে গাড়ি চলাচলে সমস্যা হবে না।”
তিনি জানান, স্থানীয়ভাবে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে ঢাকার আশপাশের জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত বিভিন্ন জেলার পুলিশ সুপাররা জানিয়েছেন, কোথাও সড়কে কোনো সমস্যা নেই।
ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সমালোচনা করুন, অপপ্রচার করবেন না। সামনে কঠিন পরীক্ষা, আপনাদের সহযোগিতায় পাস করতে চাই।”
সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বলেন, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সভার সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী জানান, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সভায় তিনটি ‘ভিজিলেন্স টিম’ গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া মেঘনা ও মেঘনা-গোমতি সেতুর স্থানে যানজট নিরসনের ব্যবস্থা নেওয়া, সেতুতে রেকার রাখা, ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেট রুটে বিকল্প সড়ক ব্যবহার করারও বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬০৮ ঘ.
bdnews24