২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে, নিহত ৪

ফরিদপুর সদরে বুধবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত এবং অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ফরিদপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরে বুধবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত এবং অন্তত ৩৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন বীনা আক্তার (৩২), নাজমুল (১৮), লাবলু (১৬) ও আল-আমিন (১৯)। হতাহতরা সবাই আবুল হোসেন জুট মিলের শ্রমিক বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রথমে পাঁচজন নিহত হওয়ার কথা জানালেও পরে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার করিমপুরে অবস্থিত আবুল হোসেন জুট মিলের নিজস্ব একটি বাস বোয়ালমারী ও মধুখালী এলাকার শ্রমিকদের নিয়ে মিলে যাচ্ছিল। বিকাল ৩টার দিকে বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মাথা, হাত ও পায়ে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের দেখতে বিকালে ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ হাসপাতালে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৭ ঘ.