২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক নিয়ে ‘অপপ্রচারে’ আতংক সৃষ্টি হয়: মন্ত্রী

দেশের সব মহাসড়ক যানবাহন চলাচলের উপযুক্ত আছে দাবি করে ঈদের আগে ‘বেহাল’ সড়ক নিয়ে গণমাধ্যমগুলোকে আতংক না ছড়াতে বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব মহাসড়ক যানবাহন চলাচলের উপযুক্ত আছে দাবি করে ঈদের আগে ‘বেহাল’ সড়ক নিয়ে গণমাধ্যমগুলোকে আতংক না ছড়াতে বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রেলভবনে ঈদে মানুষের যাতায়াত ব্যবস্থা নিয়ে এক সভায় সাংবাদিকদের উদ্দেশ্য যোগাযোগমন্ত্রী বলেন, “ঈদের আগে বেহাল রাস্তার কথা বললে আতঙ্ক সৃষ্টি হবে, এর ফলে ট্রেনের ওপর চাপ বাড়বে।” মফস্বল থেকে সড়ক বা মহাসড়ক নিয়ে কোনো সংবাদ এলে তা যাচাই করে প্রকাশ করা উচিৎ মন্তব্য করে মন্ত্রী বলেন, “ফেইসবুকে অনেকেই আমাকে জানিয়েছে গণমাধ্যমে যে খারাপ রাস্তার কথা উঠে এসেছে তা ঠিক নয়।” অপপ্রচারে আতঙ্ক সৃষ্টি হয় উল্লেখ করে তিনি অপপ্রচারের সংস্কৃতি থেকে বের হয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। ওবায়দুল কাদের দাবি করেন, “কোনো জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বেহাল দশায় নেই। কিছু কিছু জায়গায় তুলনামূলক খারাপ অবস্থা রয়েছে তবে তা যানবাহন চলাচলযোগ্য করা হয়েছে। জেলা সড়কে করুণ দশা থাকলেও তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।” মন্ত্রী জানান, ঈদের তিনদিন আগ থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে, যা চলবে ঈদের দুইদিন পর থেকে টানা ৭দিন। এছাড়া ১৫০টি পুরনো কোচ সংস্কার করে সংযোজন করা হচ্ছে বলে তিনি জানান। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের জানান, বিশেষ ট্রেনগুলো ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-নোয়াখালী, চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-পাবর্তীপুর, ঢাকা-খুলনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলবে। এছাড়া ঈদের দিনে ঢাকা-শোলাকিয়া রুটে একটি বিশেষ ট্রেন চলবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেনে কোনো সাপ্তাহিক বিরতি থাকবে না বলে জানান রেল মহাপরিচলাক। ঈদের সময় রেলের সময়সীমা অনেক ক্ষেত্রে ঠিক না থাকার সম্ভবনা থাকলেও যাত্রীদের নিরাপদ ভ্রমনের জন্য সব ব্যবস্থা থাকবে বলে মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪০৫ ঘ.