২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকে সিদ্ধান্ত নেবেন এখন আরো অনেকে

সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরো ব্যক্তিকে সম্úৃক্ত করতে গত সপ্তাহে প্রতিষ্ঠানের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে ব্র্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরো ব্যক্তিকে সম্úৃক্ত করতে গত সপ্তাহে প্রতিষ্ঠানের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে ব্র্যাক। এই পরিবর্তনে উপ-নির্বাহী পরিচালকের পদ বিলুপ্ত করে তিন পরিচালককে জ্যেষ্ঠ পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে নবগঠিত নির্বাহী ব্যবস্থাপনা কমিটির নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে নির্বাহী ব্যবস্থাপনা কমিটি গঠনের একমাস পর প্রতিষ্ঠানটির কাঠামোতে এই পরিবর্তন আনা হল। বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের কর্মকর্তারা পরিবর্তনের এ প্রচেষ্টাকে ‘সংস্থাটির আরো বেশি প্রাতিষ্ঠানিকীকরণের’ পদক্ষেপ হিসেবে দেখছেন। আসিফ সালেহ, তামারা হাসান আবেদ ও ড. বাবর কবির জ্যেষ্ঠ পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বলে মঙ্গলবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারদর্শিতা ও যোগ্যতা উন্নয়নে আরো নজর দেওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আসিফ সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ব্যবস্থাপনা কমিটির অংশ হলাম।” এই কমিটি নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে জানিয়ে আসিফ বলেন, ব্র্যাকের সমস্ত প্রতিষ্ঠানের সহায়তায় কাজ করব। ‘দিনে দিনে বাড়তে থাকা’ ব্র্যাকের কর্মকাণ্ড তত্ত্বাবধানের জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিধিমালার সঙ্গে সঙ্গতি আনতে দেড়মাস আগে ব্র্যাকের পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা ১৮ জন থেকে কমিয়ে ১০ জন করা হয়েছে। ব্র্যাক এমন সময়ে এ সিদ্ধান্ত নিল, যখন সরকার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের আইনি বিধান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, রকফেলার ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা মোশতাক চৌধুরী আগামী নভেম্বরে ব্যাকের নতুন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে অধিষ্ঠিত হবেন। বাংলাদেশ রুরাল এডভান্সম্যান্ট কমিটি বা ব্র্যাক ১৯৭২ সালে ত্রাণ ও পুনর্বাসনের ক্ষুদ্র প্রকল্প হিসেবে প্রতিষ্ঠার পর স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তাসহ ব্যাপক পরিসরের উন্নয়ন কর্মকাণ্ডে তার পরিসর বিস্তৃত করে। মুরগির খামার, মৎস্য খামার, ছাপাখানা, লবণ, ব্যাংকের মতো বিনিয়োগ, গৃহায়ন অর্থায়ন কর্পোরেশন ও চা বাগানসহ এর বিভিন্ন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড আছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, তারা ক্রমান্বয়ে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে ফেলছেন। ২০২১ সালের মধ্যে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে স্বনির্ভর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ১৯৯০ সালে ব্র্যাকের বিনিয়োগের শতভাগ বিদেশি সহায়তা হলেও তা কমিয়ে ২০১১ সালে ৩০ শতাংশে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএএইচ/এইচএএইচ/এমআই/২১৩৮ ঘ.