গাজীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কৃষি জমি দূষণের অপরাধে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সিরামিক কারখানার কাছ থেকে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
উপজেলার গিলারচালার গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে মঙ্গলবার জরিমানার ১৪ লাখ ৬২ হাজার টাকা আদায় করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালক ১৫ অগাস্টের মধ্যে জমিতে ফেলা সমস্ত তরল বর্জ্য অপসারণে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
এতে আরো বলা হয়, গত ২ অগাস্ট কারখানাটি আকস্মিক পরিদর্শনে কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ পাওয়া যায়। কারখানার তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে কৃষি জমিতে ফেলার ঘটনা ধরা পড়ে ।
কারখানাটি তিনবছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানাকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং সার্বক্ষণিক ইটিপি চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, “উদ্যোক্তরা শুধু শিল্পায়ন ও নিজেদের মুনাফার কথাই ভেবেছেন, কিন্তু কৃষি, জনস্বাস্থ্য ও পরিবেশের কথা ভাবেননি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫২ ঘ.
bdnews24