২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্কুলছাত্রের ওপর যৌন নির্যাতন

যৌন নির্যাতনের শিকার এক স্কুলছাত্র গত নয় দিন ধরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নির্যাতনের শিকার এক স্কুলছাত্র গত নয় দিন ধরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। শিশুটির বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কালাকান্দর গ্রামে। পাশ্ববর্তী জগিদিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র সে। শিশুটির মা অফেলা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার চিত্ত দাসের ছেলে দত্ত দাস (১৫) গত ৩০ জুলাই ছেলেটিকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। ঘটনার পর থেকে শিশুটির মলত্যাগ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে গত ৫ অগাস্ট তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রবিউল করিম জানান, শিশুটি শরীরের ভেতরে বড় ধনের আঘাত পেয়েছে। ক্ষতও সৃষ্টি হয়েছে। “তাকে মুখে কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না। চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কামুক্ত নয়, ” বলেন তিনি। শিশুটির বাবা জানান, আট বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া গ্রাম থেকে এসে নাটোরের কালাকান্দর গ্রামে বাড়ি করেন তিনি। এলাকায় নতুন হওয়ায় প্রতিবেশীরা প্রায়ই তাদের হেনস্থা করে। “এবার আমার ছেলের ওপর পাশবিক নির্যাতন করেছে। নিরাপত্তার অভাবে থানায় মামলাও করতে যেতে পারছি না,” বলেন তিনি। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে ছেলেটিকে দেখে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন বলেন, ঘটনাটি নাটোরের হওয়ায় সেখানেই মামলা করতে হবে। সিরাজগঞ্জ থানার পক্ষ থেকে নাটোর থানার ওসিকে বিষয়টি জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৬১৫ ঘ.