২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হয়রানি-চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালত

ঈদের সময় যাত্রী হয়রানি এবং চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সময় যাত্রী হয়রানি এবং চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঈদের সময় নৌপথের নিরাপত্তা, যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে’ অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “ঈদের সময় যাত্রী হয়রানি এবং চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে।” এছাড়া এই সময় রাতে নৌপথে মালবাহী নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে। এজন্য কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, মালবাহী নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় সবসময়ই রাতে এ ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ। অন্য সময় এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া না হলেও ঈদের সময় যাত্রী চলাচলে ঝুঁকি এড়াতে এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মালবাহী যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাহারা খাতুন বলেন, যাত্রীদের সম্ভাব্য সমস্যা দূর করতে অতিরিক্ত নৌযান চালাতে হবে। এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে সবসময়ই চাঁদাবাজ ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশসহ প্রশাসন সব সময়ই ব্যবস্থা নেয়। “তবে ঈদের আগে এ ধরণের তৎপরতা বেড়ে যায়। এজন্য বিশেষভাবে পদক্ষেপ নিতে হয়। এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিকিউকে মুশতাক ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫১৫ ঘ.