২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই সিএনজিসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালি ও লোহাগাড়া এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কোতোয়ালি ও লোহাগাড়া এলাকা থেকে দুটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- মো. বাছির হোসেন ওরফে বশির (২৮), মো. জজ মিয়া (৩০) ও মো. জাগির হোসেন ওরফে জাকির (২৪)। তাদের প্রথম দুইজন কুমিল্লা ও অপরজন চট্টগ্রামের বিভিন্ন থানার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদের তত্ত্বাবধানে থাকা ওই দুটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের এক অভিযানে কোতোয়ালি থানার সাবেরিয়া ব্রিজ এলাকা থেকে প্রথমে বশির ও জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুসারে একই এলাকার একটি গ্যারেজ থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের লোহাগাড়া থানার নয়ারহাট কানুবাজার এলাকা থেকে অপর সিএনজিটি উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় জাকিরকে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এর আকার ও রঙ বদল করে বিক্রি করে আসছিল বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১০৫ ঘ.