২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের শ্বশুরবাড়িতে খালেদার ইফতার

তারেক রহমানের শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসায় সোমবার ইফতার করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসায় সোমবার ইফতার করেছেন খালেদা জিয়া। সোমবার ছিল মাহবুব আলীর ২৮তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে ধানমণ্ডির ‘মাহবুব ভবনে’ দোয়া মাহফিল হয়। তাতেই যোগ দেন বিএনপি চেয়ারপারসন। মাহবুব আলী খানের মেয়ে জোবায়দা রহমান বর্তমানে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে রয়েছেন। মাহবুব ভবনে সোমবার সারাদিন কোরআন খতম অনুষ্ঠিত হয়। বিকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন খালেদা জিয়া। পরে তিনি তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা খান জামান (বিন্দু), বিন্দুর স্বামী সৈয়দ শফিউজ্জামানসহ স্বজনদের সঙ্গে ইফতার করেন। সেখানে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জমান মিঞা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, ওসমান ফারুক, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, এম এ মান্নান, ফজলুর রহমান পটল, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল খায়ের ভূঁইয়া, নূরে আরা সাফা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫৫ ঘ.