২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অটোটেম্পু ছিনতাই ও চালক হত্যা: আটক ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোটেম্পু ছিনতাইয়ের একদিন পর তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

সিরাজগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোটেম্পু ছিনতাইয়ের একদিন পর তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলা সদর থেকে তাদের আটকের সময় ছিনতাই হওয়া অটোটেম্পুটিও উদ্ধার করা হয়। আটকরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল রানা (১৯), জহুরুল প্রামানিকের ছেলে জুয়েল রানা (১৮) এবং চাঁচকৈর বাজারের নাজদুল সরকারের ছেলে ফরহাদ সরকার (২০)। তাড়াশ থানার উপ-পরিদর্শক তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, শনিবার রাতে চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের মুকুল হোসেনের ছেলে শরিফুল ইসলামকে (২২) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজের কাছে হত্যা করে তার অটোটেম্পুটি নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদ পেয়ে রোববার গভীর রাতে ঈশ্বরদী সদরে অভিযান চালিয়ে সেটি উদ্ধার এবং তিন ছিনতাইকারীকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, আটকরা পুলিশের জিজ্ঞাসাবাদে ছিনতাই ও খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নামে একটি মামলা করেছেন, বলেন এসআই তোজাম্মেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.