২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করতে তাগিদ

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ফ্লাইওভার এলাকার বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস, ওয়াসার মতো সেবাখাতের প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ অগাস্টের মধ্যে লাইন স্থানান্তর ও পুনঃস্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে। এছাড়া আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফ্লাইওভারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে নির্মাতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের সেবাসার্ভিস স্থানান্তর ও পুনঃস্থাপন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সোমবার এসব নির্দেশ দেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আগামী বছরের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফ্লাইওভারে যান চলাচল উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রী বলেন, “চলতি বছরের ১৬ ডিসেম্বর এই ফ্লাইওভার উদ্বোধন করার কথা থাকলেও সেবাসার্ভিসগুলো সরিয়ে নেওয়ার কাজের জন্য এটি পিছিয়ে দেওয়া হয়েছে।” সভায় বলা হয়, ঢাকা ওয়াসা গত ৩০ জুলাই তাদের কাজ শেষ করেছে। তিতাস ও বিটিসিএল আগামী তিনদিনের মধ্যে স্থানান্তর কাজ শেষ করবে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) আগামী ১৮ অগাস্টের মধ্যে তাদের স্থানান্তরও শেষ করবে। ২০১০ সালের ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০১৩ সালের ৩০ জুন। তবে প্রকল্প মেয়াদের আগেই এটি শেষ করার ঘোষণা দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৮৪০ ঘ.