২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর ডেসটিনির ৫ কর্মকর্তার জামিন

মুদ্রা পাচারের দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ডেসটিনি ২০০০ এর পাঁচ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ডেসটিনি ২০০০ এর পাঁচ কর্মকর্তা। এরা হলেন- ডেসটিনি ২০০০ এর সভাপতি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, মো. হোসেন, মো. গোফরানুল হক, মো. সাইদ উর রহামান। সোমবার সকালে তারা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হক হীরু ও এহসানুল হক। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টানা মুচলেকায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী নজিবুল্লাহ বলেন, “ডেসটিনি ২০০০-এর সহযোগী সংগঠন ডেসটিনি মল্টিপারপাস লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেড শুধু কর্মচারীদের বেতন ভাতা, কমিশন, বিনিয়োগ, সম্মানী, লভ্যাংশ ইত্যাদি বিষয়ে টাকা হস্তান্তর করেছে। এ কাজ করতে গিয়ে তারা কোনো টাকা পাচার করেনি, কোনো প্রতারণা করেনি।” ডেসটিনি বৈশাখী টেলিভিশনের মালিকানা নেওয়ার কারণে ওই টিভির জনপ্রিয়তায় এবং ডেসটিনির উত্থানে ঈর্ষান্বিত হয়ে সরকারের একটি বিশেষ মহল এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুদককে দিয়ে এ মামলা করিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। আসামিপক্ষের আরেক আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অর্থ পাচার আইনের আওতায় পড়ে না। মামলার অভিযোগ অর্থ স্থানান্তর। পাচারের উদ্দেশ্যে তা করা হয়নি। তা ছাড়া কারা ডেসটিনির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মামলায় স্পষ্ট নয়। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী রফিকুল ইসলাম মিঠু বলেন, এ ধরনের মামলায় হাকিম আদালতে কোনো শুনানি গ্রহণের এখতিয়ারই নেই। শুধু দায়রা জজ বিশেষ জজ আদালতের সে এখতিয়ার রয়েছে। তাই আসামিদের জামিন নামঞ্জুর করা হোক। সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির এই পাঁচ কর্মকর্তাসহ মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলি সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন। তারা সেদিন সাংবাদিকদের জানান, ট্রি-প্লান্টেশন প্রজেক্ট থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর আলামত পেয়েছেন তারা। মো. তৌফিকুল ইসলাম বলেন, উভয় ক্ষেত্রেই অভিযুক্ত কর্মকর্তারা প্রথমে বিভিন্ন অলাভজনক, নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে এবং এরপর নিজেদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৬৩০ ঘ.