গাজীপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে বকেয়া বেতন ও ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা রোববার বিক্ষোভ করেছে।
কয়েকটি দাবি মেনে বাকিগুলো পরে পূরণ করার আশ্বাসে তার শান্ত হয়।
এরপর লক্ষ্মীপুরা এলাকায় ইন্ট্রামেক্স কারখানাটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) চন্দন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার শ্রমিকরা প্রথমে ঈদের ছুটি ছয় দিনের স্থলে ১০ দিন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।
পরে তারা ঈদের ছুটির আগে অগাস্ট মাসের ১০ দিনের বেতনসহ জুলাই মাসের বকেয়া বেতন ও হাজিরা বোনাসসহ ১০ দফা দাবি জানায়, বলেন এএসপি।
তিনি আরো বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর তাদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা হয়।
কারখানার সিকিউরিটি ইনচার্জ জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবি মেনে সবার বোনাস বাড়ানো হয়েছে। অগাস্ট মাসের ১০ দিনের বেতনসহ জুলাই মাসের বকেয়া বেতন ও অন্যান্য দাবি পরে বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে।
এরপর কর্তৃপক্ষ রোববারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে বলে জানান জিল্লুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৪ ঘ.
bdnews24