২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলায় সাক্ষ্য দেবেন সাবেক আইজি

পিলখানা হত্যা মামলায় সোমবার আদালতে সাক্ষ্য দিবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় সোমবার আদালতে সাক্ষ্য দিবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে তিনি সাক্ষ্য দিবেন বলে রোববার প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গত ১ অগাস্ট একই আদালতে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সাক্ষ্য দেন। ওই দিনই তাকে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। সাক্ষ্য ও জেরা শেষে মহানগর দায়রা জজ জহুরুল হক এ মামলার কার্যক্রম ৬ অগাস্ট পর্যন্ত মুলতবি করেন। গত ২ জুলাই এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং লে. কর্নেল জাহান আরা বেগমকে তলব করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান। এছাড়া নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানও এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২০৫৩ ঘ.