২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবলছড়ি শান্ত, ফিরেছে পাহাড়িরা

তিন বাঙালির ওপর হামলার ঘটনায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়ির দুটি গ্রাম ছেড়ে চলে যাওয়া আতঙ্কিত পাহাড়িরা বাড়িতে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

খাগড়াছড়ি, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বাঙালির ওপর হামলার ঘটনায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়ির দুটি গ্রাম ছেড়ে চলে যাওয়া আতঙ্কিত পাহাড়িরা বাড়িতে ফিরেছেন। বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান ফরিদ জানান, বিজিবি ও বিএসএফ-এর মধ্যে আলোচনার পর সকাল সাড়ে ৮টার দিকে ভারতে আশ্রয় নেওয়া পাহাড়ি পরিবারগুলো ফিরে এসেছে। এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান। রোববার সকালে তবলছড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিস্থিতি শান্ত করতে বিজিবির উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিজিবি তবলছড়ি জামিনিপাড়া ক্যাম্পের কমান্ডার লে কর্নেল ফয়েত আলম ইবনে তাবিব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।” শনিবার রাতে তিন মোটরসাইকেল আরোহীকে স্থানীয় পাহাড়িরা মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রাতেই ফেনী নদী পার হয়ে ভারতের শুকনাছড়িতে আশ্রয় নেয় তবলছড়ি ইউনিয়নের মাস্টারপাড়া চাকমাপাড়া ও কদমতলি চাকমাপাড়া গ্রামের প্রায় ৫০/৫৫টি চাকমা পরিবার। তাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন বর্ণাল ইউপি চেয়ারম্যান আকবর আলী। পালিয়ে যাওয়া গ্রামবাসী কৃষক কালোময় চাকমা জানান, তারা রাতে তারা ভারতের শুকনাছড়ি এলাকায় আশ্রয় নেন। মাটিরাঙ্গা থানার ওসি ইউছুপ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মনির, পরিতোষ ও মকবুল নামের তিন ব্যক্তি মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেলে তবলছড়ি যাবার পথে ডাকবাংলো গ্রামের লালমিয়ার বাগানের কাছে তাদের গতিরোধ করে কয়েকজন পাহাড়ি যুবক। এ সময় মারধর করে তাদের মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। হামলায় আহত তিনজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ হারুন। এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ বাঙালিরা পাহাড়িদের হামলা করলে উত্তেজনা সৃষ্টি হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪৩৩ ঘ.