পটুয়াখালী, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় দুই সাংবাদিকের ওপর এক যুবলীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে।
এতে সময় টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মনির হোসেন বাদল ও আঞ্চলিক পত্রিকা দৈনিক দক্ষিণাঞ্চলের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে জেলা সদরের বাঁধঘাট এলাকায় শহর যুবলীগের সাধারণ সম্পাদক মনির খানের নেতৃত্বে এ হামলা হয়।
সাংবাদিক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁধঘাট এলাকায় জমি দখল নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের সচিত্র সংবাদ সংগ্রহের সময় মনির খান ও স্থানীয় ড্রেজার ব্যবসায়ী আশরাফ তালুকদারের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী আমার ও সুজনের ওপর হামলা করে।”
“এসময় তারা আমার ক্যামেরা ভাংচুর করে পাশের নদীতে ফেলে দেয়।”
পুলিশের উপস্থিতিতে এ হামলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
সুজন বলেন, “হামলার সময় পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা নির্বিকার ছিলো। পরে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে।”
তবে পটুয়াখালী সদর থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, জমি দখলের খবরে ঘটনাস্থলে সহকারী উপ-পরিদর্শক (এমসআই) আব্দুল হাইকে পাঠানো হয়েছিলো।
সাংবদিকদের ওপর হামলার সময় এমসআই হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে যুবলীগ নেতা মনির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতটা শুনেছেন সব সত্য নয়। তবে ঘটনা কিছু ঘটেছে, তা আবার পরে সমাধান হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/১১৪২ ঘ.
bdnews24