চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের এক কর্মী আহত হয়েছেন।
আহত সরূপ দাশ জয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদারের অনুসারী বলে পরিচিত।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ঝুপড়ি এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারীরা তার ওপর হামলা চালায় বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। জয়কে একা পেয়ে প্রতিপক্ষের কর্মীরা লাঠি সোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত জয়কে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/১৯৪১ ঘ.
bdnews24