অলীপ ঘটক
বাগেহাট প্রতিনিধি
বাগেহাট, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষিত ৩২ হাজার ডোজ পোলিও টিকা মেয়াদ থাকতেই নষ্ট হয়ে গেছে।
বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সদরদপ্তরে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দেওয়া বিনামূল্যের এসব টিকা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাগেরহাটে পাঠানো হয়।
নষ্ট হয়েছে মোট তিন হাজার দুইশ’ ভায়েল। প্রতিটি ভায়েলে রয়েছে ১০ ডোজ করে টিকা। তাই এসব ভায়েলে ৩২ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো যেত।
ভায়েলে থাকা নির্দেশিকা অনুযায়ী ২০১৩ সাল পর্যন্ত এসব টিকার মেয়াদ থাকার কথা।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ইপিআই সদরদপ্তর থেকে ৫ হাজার ভায়েল পোলিও টিকা আসে ফেব্রুয়ারিতে। এর মধ্যে ২ হাজার ৩০০ ভায়েল উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়।
বাকি ৩ হাজার ২০০ ভায়েল সিভিল সার্জন কার্যালয়ে ফ্রিজে রাখা ছিল।
বুধবার (১ অগাস্ট) ইপিআই তত্ত্বাবধায়ক ফরিদুর রহমান টিকাগুলো নষ্ট হয়েছে বলে নিশ্চিত হন। পরে তিনি বিষয়টি সিভিল সার্জনকে জানান।
ইপিআই কার্যক্রমের আওতায় এসব টিকা সংরক্ষণের দায়িত্বে রয়েছেন ইপিআই তত্ত্বাবধায়ক ফরিদুর রহমান।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকাগুলো তত্ত্বাবধানের দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়েছে। এগুলো যথাযথ তাপমাত্রায় হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল।”
তিনি দাবি করেন, তারা ভায়েলগুলো বুঝে নেওয়ার সময়ই এগুলোর ভিভিএম (চার স্তরের ভ্যাকসিন ভায়েল মনিটরিং) ছক নষ্ট হওয়ার প্রথম পর্যায়ে ছিল। অর্থাৎ ওগুলোর রং ছিল অতি হাল্কা বেগুনি।
তিনি বলেন, “ভিভিএম’র এই মাত্রা টিকা নষ্ট হওয়ার প্রথম স্তর হলেও এই অবস্থায় টিকা ব্যবহার করা যায়। কিন্তু বর্তমানে এসব ভায়েলের ভিভিএম তৃতীয় স্তরে (বেগুনি) পৌঁছেছে, যে অবস্থায় ভায়েলগুলো ‘ব্যবহার অনুপোযোগী’।”
টিকাগুলি ভিভিএম ছকে নষ্ট হওয়ার প্রথম ধাপে থাকার বিষয়টি ওই সময় সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছিল বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কিন্তু এ ধরনের কোনো তথ্য তখন শোনেননি বলে সিভিল সার্জন জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. স্বপন কুমার তপাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভ্যাকসিন (টিকা) সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি ফ্রিজের তাপমাত্রার রেকর্ড (কোল্ড চেইন) পরীক্ষা করে কোনো সমস্যা পাইনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24