খাগড়াছড়ি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হাসাননগরে শুক্রবার রাতে একটি রাবার বাগানের চার হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে বিষয়টি জানতে পারেন বলে বাগানের মালিক মো. সেলিম জানিয়েছেন।
সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালে নিজের প্রায় সাড়ে সাত একর জমিতে তিনি পাঁচ হাজার রাবার গাছ রোপন করেন।
সকালে এলাকার লোকজনের কাছে বাগানের গাছ কেটে দেওয়ার কথাটি তিনি শুনেছেন বলে জানান।
তিনি বলেন, বাগান করার পর থেকে একটি আঞ্চলিক রাজনৈতিক দল তাকে এ কাজে বিরত করতে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। স্থানীয়দের মাঝে তারা লিফলেটও বিতরণ করে।
তবে কোন সংগঠন এ কাজ করেছে তা তিনি জানাননি।
তিনি আরো বলেন, ২০১০ সালেও দুর্বৃত্তরা একই বাগানের প্রায় ৩০০ গাছ কেটে দিয়েছিল।
পানছড়ি থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছ কেটে ফেলার বিষয়টি তিনি শুনেছেন। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24