বেনাপোল, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে দুই কেজি হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক আলী হোসেন (১৪) বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
যশোর ক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাঈমূল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বেনাপোল-সাদিপুর সড়কে একটি ইজিবাইক থামিয়ে আলী হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম ওজনের চারটি প্যাকেটে মোট দুই কেজি হেরোইন পাওয়া যায়।
আটক আলী হোসেন সাংবাদিকদের বলেন, সাদিপুর গ্রামের ফজেরের ছেলে মোরশেদ তাকে প্যাকেটগুলো দিয়ে সেগুলো বেনাপোল বাজারে পৌঁছে দিতে বললে কিছু টাকা পাওয়ার লোভে তাতে রাজি হন তিনি।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানান এএসপি নাঈমূল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫০ ঘ.
bdnews24