আবুল হোসেন
গাজীপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী মুক্তিযুদ্ধে শহীদ ফয়েজুর রহমানের কবরের মাটি ছেলে হুমায়ূন আহমেদের সমাধিতে মিশিয়ে দিলেন আয়েশা ফয়েজ।
শনিবার দুপুরে ছেলের কবর জিয়ারতের পাশাপাশি নুহাশ পল্লীতে একটি তালি পাম গাছের চারাও রোপণ করেন আয়েশা ফয়েজ। ২৪ জুলাই ছেলেকে সমাধিস্থ করার পর এই প্রথম কবর জিয়ারতে গেলেন তিনি।
আয়েশা ফয়েজের সঙ্গে ছিলেন তার বোন রিজিয়া খানম, মেয়ে সুফিয়া হায়দার, মেয়ে রোকসানা আহমেদ, ছেলে আহসান হাবীব প্রমুখ।
নুহাশ পল্লীর ভাস্কর মো. আসাদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়েশা ফয়েজ ছেলের কবরের মাটিতে বার বার হাত বুলাচ্ছিলেন। প্রয়াত সন্তানের কল্যাণ কামনায় আল্লাহর কাছে আকুতিও জানাচ্ছিলেন তিনি।
“তিনি বলতে থাকেন, ‘আল্লাহ, হুমায়ূনকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছ, আখেরাতেও সে ধরনের সম্মান দিও’। তিনি কিছু সময় কবরের কুরআন তিলওয়াতও করেন,” বলেন আসাদুজ্জামান।
আয়েশা ফয়েজ যখন কুরআন তিলওয়াত করছিলেন, তখন পরিবারের অন্য সদস্যরা কবরের ওপর মাটি ছড়াতে থাকেন।
আহসান হাবীব জানান, এই মাটি পিরোজপুরে তাদের বাবার কবরস্থান থেকে আনা হয়েছে।
একাত্তরে পিরোজপুরে পুলিশ কর্মকর্তা থাকাকালে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন ফয়েজুর রহমান। পরে পাকিস্তানি সৈন্যরা তাকে হত্যা করে।
আয়েশা ফয়েজ নুহাশ পল্লীর প্রধান ফটকের পাশে মা ও শিশু ভাস্কর্যের পশ্চিমে গাছের চারা রোপণ করেন।
এছাড়া হুমায়ুন আহমেদের কবরের পাশে একই প্রজাতির আরো একটি চারা রোপণ করেছেন মিরপুর সরকারি বাংলা কলেজের অধ্যাপক মো. আক্তারুজ্জামান।
আয়েশা ফয়েজসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারতের পর বাগান বাড়ি ঘুরে দেখেন ও কর্মচারীদের খোঁজ-খবর নেন। বিকালে তারা ঢাকার পথে রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০২ ঘ.
bdnews24