গাজীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে দেওয়া সংসদীয় আসনে উপনির্বাচনের অগ্রিম প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার বিকালে কাপাসিয়ার আমরাইদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়। এ ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে।
সরকারদলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনটি শূণ্য হয়। উপ-নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাপাসিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমিন সাংবাদিকদের কাছে দাবি করেন, তার সমর্থকরা বিকালে মিছিল বের করলে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দীনের লোকজনের হামলায় অন্তত ২০ সমর্থক আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি মোটর সাইকেল।
“হামলায় রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, কাপাসিয়া থানা ছাত্রলীগের সদস্য তুহিন, তরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. মুজিবুর রহমান, কাপাসিয়া থানা ছাত্রলীগ নেতা মাসুদ মেহেদী, মো. হেলাল উদ্দিনসহ কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।”
এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রুহুল আমিন।
রুহুল আমিন এক বছর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কৃত হন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজদ্দীন দাবি করেন, হামলায় তার লোকজন জড়িত নয়। মিছিল বের করার পর উৎসুক লোকজন তা দেখতে গেলে মিছিলকারীরা তাদের কয়েকজনের ওপর হামলা চালায়। এতে তার ১০ সমর্থক আহত হয়েছেন। পরে এলাকাবাসী মিছিলকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ হয়।
হামলায় আহত কাপাসিয়া থানা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান ও রায়েদ ইউনিয়ন ছাত্রলীগ সাবেক আহ্বায়ক আল আমিন শেখ ও সহ-সভাপতি সোহেল মিয়াসহ কয়েকজনকে গাজীপুর সদর হাপাতালে পাঠনো হয়েছে বলে জানান ওয়াজদ্দীন।
কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুইপক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই ঘটনায় কেউ অভিযোগ করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় নিজেকে উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করেন রুহুল আমীন। পরে তাকে নিয়ে দলীয় নেতা-কর্মীরা মিছিল বের করে।
মিছিলটি আমরাইদ বাজার এলাকায় পৌঁছলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা তৈরি হলে দোকান-পাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১১২০ ঘ.
bdnews24