চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হারেস হোসেন (৩২), আবু বক্কর (৩৩), আরিফ (৩৬), মোহাম্মদ আজম (৪০) ও মোহাম্মদ কাশেম (৩৫)।
তাদের কাছ থেকে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, দুটি চাকু ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দরকিল্লা মোড়ের ব্যাংক এশিয়ার নিচের রাস্তায় একটি সিএনজি অটোরিকশায় কিছু লোক সশস্ত্র অবস্থায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে তথ্য পেয়ে রাত পৌনে দুইটার দিকে অভিযান চালানো হয়।
ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত অটোরিকশাটিও আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সদীপ দাশ জানান, ঈদকে সামনে রেখে চক্রটি নগরীতে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমসি/এসইউ/২১০৭ ঘ.
bdnews24