সিরাজগঞ্জ, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকা থেকে শুক্রবার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ৭ পয়েন্ট ৬২ এমএম পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পৌর শহরের দ্বারিয়াপুর মহল্লা থেকে আটক দু’জন হলেন মুন্সিগঞ্জের চন্দনতলা এলাকার নুরুজ্জামান হকের ছেলে আরিফ ওরফে মানিক (৩৮) এবং কুমিল্লার দাউদকান্দির সার্দারদিয়া গ্রামের করিম বেপারীর ছেলে লিটন (২৭)।
শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, আট আরিফ ওরফে মানিক এই মহল্লায় একটি ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করছিলেন।
গোপন সংবাদ পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি আরো বলেন, আটক দুই ব্যক্তি সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায়ও একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১২ ঘ.
bdnews24