ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নম্বরপত্রে ঘষামাজাসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেছেন।
শুক্রবার সকালে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এসএম আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ জানান।
নম্বরপত্রে ঘষামাজা ছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে নম্বরপত্র না পাঠানো ও নম্বরপত্র সংক্রান্ত কাগজ নিজেদের কাছে রাখার অভিযোগে ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এসএম আমানুল্লাহ ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুব কায়সারকে অভিযুক্ত করে ১০ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে অব্যহতি দেওয়ার সুপারিশ করা হয়।
একই দিন পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মকবুলুর রহমান ও সহকারি অধ্যাপক দলিলুর রহমানকে অভিযুক্ত করে তিন বছরের জন্য অব্যহতি দেওয়ার সুপারিশ করা হয়।
শনিবার সিন্ডিকেট সভায় এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আমানুল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে আমি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ফলাফল জমা দিয়েছি। ফলাফল প্রকাশিত হওয়ার পর আমার সহকারী টেবুলেটর মাহাবুব কায়সার আমার অজান্তে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে রেজাল্ট শিটে হস্তক্ষেপ করেন।”
ঘটনাটি তার অজ্ঞাতে হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি নেই দাবি করে আমানুল্লাহ বলেন, “আমাকে হয়রানি করতেই উদ্দেশ্যমূলকভাবে বিভাগের কেউ আমার পিছু নিয়েছে।”
এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রক ও মাহবুব কায়সারকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নম্বরপত্র জমা দেওয়ার পর মাহবুব কায়সার আমার কাছে এসে তা দেখতে চাইলে তাকে তা দেওয়া হয়। এ সময়ের মধ্যেই তিনি নম্বরপত্রে ঘষামাজা করেছেন। তবে ঘষামাজার সময় আমি উপস্থিত ছিলাম না।”
শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নম্বরপত্র ঘষামাজার মাধ্যমে ২০১১ সালের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় এক ছাত্রীকে পরীক্ষকের দেওয়া নম্বরের চেয়ে বেশি নম্বর দেওয়া হয়েছিল।”
এসএম আমানুল্লাহ ২০১১ সালের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় সেমিস্টারের সম্মান পরীক্ষায় পরীক্ষা কমিটির সভাপতি ও মাহবুব কায়সার তার সহকারীর দায়িত্বে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৮০৩ ঘ.
bdnews24