২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পূজা’র মূর্তি নিয়ে যাওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

দিনাজপুরের বিরল উপজেলার এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের পূজার কষ্টি পাথরের মূর্তি নিয়ে যাওয়ার অভিযোগে বিজিবি’র বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

দিনাজপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরল উপজেলার এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের পূজার কষ্টি পাথরের মূর্তি নিয়ে যাওয়ার অভিযোগে বিজিবি’র বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) দাবি, পাচার হওয়ার গোপন সংবাদ পেয়ে তারা মূর্তিটি নিরাপত্তা হেফাজতে নিয়েছে। উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের ধীরেন চন্দ্র সরকারের ছেলে বকুল চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবি’র একটি দল রোববার (২৯ জুলাই) ভোরে তাদের বাড়িতে থাকা পূজা-অর্চনার শিবলিঙ্গ মূর্তি নিয়ে গেছে। “শিবলিঙ্গটি বহু বছর ধরে তাদের বাড়ির আঙ্গিনায় ছিল এবং এখানে তাদের পরিবারসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত পূজা অর্চনা করে আসছিল” বলেন বকুল চন্দ্র। এখন মূর্তিটি নিয়ে যাওয়ায় তাদের পূজা-অর্চনা বন্ধ রয়েছে বলে জানান তিনি। বিরল থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি মূর্তি নিয়ে যাওযার বিষয়ে বকুল চন্দ্র সরকার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। এ ব্যাপারে বিজিবি দিনাজপুর সেক্টরের জিএসও-২ মেজর সফিকুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭৩ কেজি ওজনের তিন টুকরার ওই কষ্টিপাথরের মূর্তিটি বাড়িতে মাটির নিচে পোতা ছিল। “আমাদের কাছে খবর ছিল মূল্যবান এই সম্পদ পাচার করা হবে। তাই সরকারি আইন অনুযায়ী নিরাপত্তার স্বার্থে এটি উদ্ধার করে বিজিবি দিনাজপুর সদর সেক্টরে সংরক্ষণ করা হয়েছে,” বলেন বিজিবি কর্মকর্তা। মূর্তিটি সরকারের প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করা হবে বলেও তিনি জানান। মূর্তিটির পূজা-অর্চনার বিষয়ে মেজর সফিকুর বলেন, “মূর্তিটি পুরাতন ও তাদের পূজা-আর্চনার বিষয়টি আমাদের জানা নেই। এলাকার চেয়ারম্যানসহ কয়েকজন আমাদের কাছে মূর্তির বিষয়ে এসেছিলেন। মূর্তি ফেরত পেতে তাদের যথাযথ আবেদনের কথা বলা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৫ ঘ.