২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার অবস্থা ধর্মঘট করার মতোই: মন্ত্রী

“সারাদেশের মধ্যে চাঁদপুরের রাস্তাঘাট খুবই খারাপ। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি লজ্জা পাচ্ছি”, বলেন ওবায়দুল কাদের। ভিডিও দেখুন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চাঁদপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের বেহাল পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার এই দশার প্রতিবাদে জনগণ ধর্মঘট করবে-এটাই স্বাভাবিক।

ঈদের আগে সব সড়ক চলাচলের উপযুক্ত করার লক্ষ্য নিয়ে নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসাবে শুক্রবার দুপুরে কুমিল্লার গৌরিপুর ও চাঁদপুরের মতলব-পেন্নাই সড়ক পরিদর্শন করেন যোগাযোগ মন্ত্রী।

এ সময় রাস্তার অবস্থা দেখে দায়িত্বে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ও কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শাতে বলেন তিনি।

একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে এসব রাস্তা মেরামতের জন্য সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মতলব-পেন্নাই সড়কের খানাখন্দ দেখে বিরক্ত মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের বলেন, যে রাস্তাই হোক, তা ‘রানিং মেনটেইনেন্সের’ মধ্যে রাখতে হবে।

এ সময় পাশে দাঁড়ানো এক কর্মকর্তা বলে ওঠেন, “আমি এইটাই বলছি।”

কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে ওবায়দুল কাদের হাত দিয়ে রাস্তার দিকে দেখিয়ে বলেন, “রানিং মেনটেইনেন্স তো নাই।”

“এই যে মানুষ ধর্মঘটের হুমকি দেয়, এমনি দেয়? এতো ধর্মঘট করার মতোই। আমি হলে আমিই ধর্মঘট ডাকব।”

মন্ত্রী সাংবাদিকদের বলেন, “সারাদেশের মধ্যে চাঁদপুরের রাস্তাঘাট খুবই খারাপ। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি লজ্জা পাচ্ছি।”

ওবায়দুল কাদের দুপুরে চাঁদপুরের নারায়ণপুর এলাকার সড়ক পরিদর্শনে গেলে স্থানীয়রা শ্লোগান দিতে শুরু করেন।

মন্ত্রী তাদের বলেন, “এখন শ্লোগানের সময় নয়, কাজ শেষ হলে শ্লোগান দিবেন।”

এই সফরে ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতি সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেন।

কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়ার পথে গৌরিপুরে দীর্ঘসময় যানজটে আটকে থাকতে হলেও ওবায়দুল কাদের দাবি করেন, যানজট আগের চেয়ে অনেক কমেছে।

দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/জেকে/১৫২০ ঘ.