২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ

বেহাল সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে খানা-খন্দে ভরা রাস্তায় ধানের চারা রোপন করলেন চট্টগ্রাম শহরের মৌলভীপুকুর পাড়ের বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে খানা-খন্দে ভরা রাস্তায় ধানের চারা রোপন করলেন চট্টগ্রাম শহরের মৌলভীপুকুর পাড়ের বাসিন্দারা। শুক্রবার সকালে আরাকান সড়ক নামে পরিচিত গুরুত্বপূর্ণ বহদ্দারহাট-কালুরঘাট সড়কে তারা এই অভিনব কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টার এ কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক মানুষ সড়ক সংস্কারে দাবিতে বিক্ষোভ করেন। ওই সড়কে চলাচলকারী পরিবহন মালিকদের সংগঠন ‘যাত্রী সেবা পরিবহন মালিক সমিতি’ তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করে। কর্মসূচির আয়োজক এমএ আজম মাছুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দেড় বছরেরও বেশি সময় ধরে ব্যবহার অনুপযোগী হয়ে আছে। কিন্তু তা সংস্কারের কোনো উদ্যোগই সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো নিচ্ছে না। “বর্ষায় গর্তগুলোতে পানি জমে থাকে বলে এ সড়ক মৃতুফাঁদে পরিণত হয়। যানজট ও দুর্ঘটনা লেগেই থাকে।” যাত্রী সেবা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এই সড়কের কারণে বিসিক ও সিএন্ডবি এলাকার শিল্প শ্রমিকসহ এলাকাবাসীকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। “বেহাল দশার কারণে এই সড়কে যান চলাচলের পরিমাণ কমে গেছে। আগে একটি গাড়ি সাত-আটবার আসতো, যেত। এখন দুই-তিনবারের বেশি চলাচল করতে পারে না। মালিকরাও গাড়ি রাস্তায় নামাতে আগ্রহ দেখান না।” সিএনজিচালিত অটো রিকশাা চালক সিরাজুল ইসলাম বাবলু বলেন, “এ সড়কে চলাচলের সময় প্রায়ই গাড়ি বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে দুর্ঘটনা ঘটে। এ কারণে যানজটও বেশি হয়।” চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই সড়ক দিয়ে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কাপ্তাই এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবানের যানবাহন চলাচল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএএইচ/জেকে/১৪৪৫ ঘ.