২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিশু আইন যুগোপযোগী হচ্ছে’

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৪ সালের শিশু আইন যুগোপযোগী করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৪ সালের শিশু আইন যুগোপযোগী করা হচ্ছে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচারে দীর্ঘসূত্রতা কারো কাম্য নয়। আর শিশুদের ক্ষেত্রে তা তো মোটেই কাম্য নয়। শিশুদের বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থাকে দায়ী করেন শফিক আহমেদ। সীমান্ত এলাকায় অনেক শিশুকে মাদক পাচারে ব্যবহারের কথাও বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান, ১৬ বছরের নিচে কোনো শিশু বাংলাদেশের কারাগারে নেই। তিনি বলেন, “শিশু আইন সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।” পুলিশের সাবেক মহাপরিদর্শক এম এনামুল হক বলেন, দেশে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক জনসংখ্যার বয়স ১৮ বছরের নিচে। তিনি এই শিশুদের সংখ্যাগরিষ্ঠ ‘নীরব জনগোষ্ঠী’ বলে অভিহিত করেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, মহানগরের ৪৮টি থানার মধ্যে ২৬ থানার নিজস্ব জায়গা নেই। তাই শিশু অপরাধীদের ক্ষেত্রে তাদের শিশু আইন অনুযায়ী আলাদা রাখতে সমস্যায় পড়তে হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১৬ ঘ.