২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ কারখানার জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুতের দায়ে চারটি কারখানাকে ৫৪ হাজার টাকা জরিমানা ও দুইটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুতের দায়ে চারটি কারখানাকে ৫৪ হাজার টাকা জরিমানা ও দুইটিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নগরীর চাক্তাইয়ের ইসমাইল ফয়েজ রোড এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন। বিএসটিআই’র উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ওই এলাকার মেসার্স শাহ আমানত ফ্যাক্টরি ও মেসার্স হাকিম ফুড প্রোডাক্টস্ নামে দুইটি কারখানাকে বিএসটিআই’র নিবন্ধনবিহীন ও অস্বাস্থ্যকর- নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এই অপরাধে কারখানা দুইটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া একই এলাকার মেসার্স রহমানিয়া মিছরি ফ্যাক্টরি ও মেসার্স আবছার মিছরি ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের দায়ে সাত হাজার করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস পৃথক ভ্রাম্যমাণ আদালতে নগরীর জালালাবাদ এলাকার মেসার্স শহীদ স্টোরকে সয়াবিন তেলের বোতলে খুচরা মূল্য উল্লেখ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০১১ ঘ.