ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় লৌহজং থানার ওসি এবং আওয়ামী লীগ নেতা মনির হোসেনকে তলব করেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ১২ অগাস্ট ওই দুই জনকে আদালতে হাজির হতে বলেছে আদালত। ঘটনার শিকার কিশোরীকে নিয়ে ওইদিন আদালতে নিয়ে আসতে বলা হয়েছে ওসিকে।
এছাড়া আমলযোগ্য অপরাধে মামলা গ্রহণে পুলিশের ব্যর্থতায় কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং যথাযথ আইনে মামলা নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।
দুই সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, লৌহজং থানা নির্বাহী কর্মকর্তা এবং ওসিকে এর জবাব দিতে বলা হয়েছে।
গত ১ অগাস্ট দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘লৌহজংয়ে প্রতবন্ধী ধর্ষিত, আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে থানায় বসে রফা’ শিরোনামের একটি সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী সকালে আবেদনটি করেন।
ওই প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি গ্রামে রাস্তা থেকে তুলে নিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে শিপন বেপারী নামে এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর ওই কিশোরীকে রাস্তার পাশে ফেলে রাখা হয়।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আহত ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় লৌহজং থানা পুলিশ।
“ওইদিন রাতে লৌহজং থানায় ওসির কক্ষে কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মাস্টারের নেতৃত্বে অওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘটনায় কোনো মামলা দায়ের না করে উল্টো হুমকি-ধমকি দিয়ে ধর্ষিতাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় দেওয়া হয়”, বলা হয় প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24