২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাটারার দুই সহোদরের লাশ আঞ্জুমানে

রাজধানীর ভাটারায় নিহত দুই সহোদরের স্বজন খুঁজে না পাওয়ায় দাফনের জন্য তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাটারায় নিহত দুই সহোদরের স্বজন খুঁজে না পাওয়ায় দাফনের জন্য তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশ দুটি আঞ্জুমানকে দেওয়া হয় বলে পুলিশ জানায়। পুলিশ বলছে নানা ঠিকানায় খোঁজ করেও স্বজন পাওয়া যাচ্ছে না দুই সহোদরের। গত ২১ জুলাই বিকালে ভাটারা থানার জোয়ার সাহারার মোল্লা পাড়ার একটি টিনশেড বাসা থেকে জামশেদ ও জাবেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভাটারা থানার ওসি জিয়ারুজ্জামান জানান, জামশেদ মানসিক ভারসাম্যহীন। অপর ভাই জাবেদ একটি বায়িং হাউজে চাকরি করতেন। তিনি বলেন, পুলিশ তাদের স্বজনদের খোঁজে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু তাদের খোঁজ কেউ দিতে পারেনি। ওসি জানান, জাবেদের সাবেক কর্মস্থল ব্যাংক এশিয়ার কাওয়ারান বাজার শাখায় গেলে জানানো হয় জাবেদ ২০০৯ সাল পর্যন্ত তাদের ব্যাংকে শিক্ষনবিস জেনারেটর অপারেটর হিসেবে কাজ করেছে। তবে তাদের কাছে কোনো ঠিকানা নাই। বাসায় পাওয়া জাবেদের পাসপোর্ট ঠিকানা দেওয়া রয়েছে ৭৬ বড় মগবাজার। সে ঠিকানায় গিয়েও তাদের কোন স্বজন পাওয়া যায়নি বলে ওসি জানান। পাসপোর্টে জাবেদের বাবার নাম সিরাজুল ইসলাম ও মার নাম মায়া হাজারিকা লেখা রয়েছে। ওসি জানান, নিহত দুই ভাই বিহারি ছিলেন বলে তিনি জানতে পেরেছেন এবং স্বাধীনতার আগ থেকে তারা বাংলাদেশ বসবাস শুরু করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, গত ২০ জুলাই দিবাগত রাতে সেহরি শেষে দুই ভাই ঘুমিয়ে পড়েন। দুপুর পর্যন্ত তারা দরজা না খোলায় বাড়ির অন্যদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে জামশেদকে ঝুলন্ত অবস্থায় এবং জাবেদকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। ওসি বলেন, “জামশেদের মুখে পলিথিন পেঁচানো ছিলো। ঘর তালাবদ্ধ থাকায় পুলিশ নিশ্চিত এক ভাই আরেক ভাইকে হত্যার পর অন্য ভাই আত্মহত্যা করেছে।” দুই বছর ধরে টিনশেড বাসাটিতে তারা ভাড়া থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪০৫ ঘ.