২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী হত্যাকারীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চাঁদপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. মোতাহির আলী বুধবার আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। দন্ডিত ছাদেক হোসেন সরকার (৩৫) মতলব দক্ষিণ উপজেলার রসলুপুর গ্রামের ইসমাইল হোসেন সরকারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. সাইয়েদুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালের নভেম্বরে ছাদেক একই গ্রামের আয়শা আক্তার বিথীকে (২৪) বিয়ে করেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিথীকে নির্যাতন করত। এক পর্যায়ে ছাদেককে দেড় লাখ টাকা এবং নিজস্ব প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়। এরপরও ছাদেক আরো যৌতুক দাবি করেন। কিন্তু বিথীর পরিবার তা দিতে অস্বীকার করে। ২০০৭ সালের ১৮মে বিথীকে হত্যা করে লাশ পুকুর ঘাটে ফেলে রাখা হয়। পরদিন বিথীর ভাই ছয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালের ৭ জুলাই তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আইনজীবী আরো জানান, মামলায় অভিযক্তি অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- ছাদেকের বাবা ইসমাইল হোসেন সরকার (৬৫), মা মনোয়ারা বেগম (৫৭), মো. মোসলেম সরকার (৬২), ফারুক হোসেন সরকার (৪০) ও আনছার আলী (৫০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৩৪ ঘ.