নওগাঁ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় ধর্ষণ মামলায় সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে টাঙ্গাইলের দেলুয়াবাড়ির পাকুল্যা শরিয়তপুর গ্রাম থেকে গ্রেপ্তার হন হেলাল উদ্দিন। পরে তাকে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
মামলার নথি থেকে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গত ৭ জুলাই হেলাল (৩৩) ওই ছাত্রীর শ্ললীলতাহানি করেন। ওই সময় অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে রেখে পালিয়ে যান হেলাল।
পরদিন ওই ছাত্রী (১৯) নওগাঁ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
হেলাল নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টায় হেলালকে টাঙ্গাইলের দেলুয়াবাড়ির দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
“হেলাল সেনা সদস্য হিসাবে কর্মরত ছিলেন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৮ ঘ.
bdnews24