বগুড়া, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নওয়াববাড়ি সড়কে জামায়াতের শহর কার্যালয় ও জামিলনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে রয়েছেন আইয়ুব (৩২), ফিরোজ (২০), আজগর (৩৩), রউফ (৪২), হান্নান (৩৯), হাকিম (৩৮) সুলতান (২৫) ও বিপ্লব (৩৬)। বাকিদের নাম জানা যায়নি।
বগুড়া সদর থানার ওসি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ আহত হয়।
ওই ঘটনায় রাতেই জামায়াতের জেলা (উত্তর) সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি মো. মিরাজসহ জামায়াত ও শিবিরের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ জনের বিরুদ্ধেমামলা করে পুলিশ।
অপর আসামিদের মধ্যে রয়েছেন জেলা (দক্ষিণ) সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি সাইদুল আলম, শহর আমির আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, জেলা শিবির সভাপতি হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি আলাউদ্দিন সোহেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24