গাইবান্ধা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের অপসারণ ও শাস্তির দাবিতে বুধবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শিক্ষার্থীরা।
আয়ার চাকরি দেওয়ার প্রলোভনে এক দরিদ্র তরুণীর শ্লীলতাহানির অভিযোগ করছেন কলেজের শিক্ষার্থীরা।
ধর্মঘট চলাকালে বুধবার কোনো বিভাগেই ক্লাস হয়নি। কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতি কম ছিল বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান।
সচেতন ছাত্র-ছাত্রীর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার পারভেজ পাভেল, মেহেদী হাসান, বজলুর রহমান বলেন, ‘যৌন নিপীড়ণকারী’ অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের অভিযোগ, গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক দরিদ্র তরুণীকে এই কলেজে আয়ার চাকরি দেওয়ার কথা বলে দুই বছর আগে বগুড়ায় নিজের বাড়ি নিয়ে যান অধ্যক্ষ রেজাউল করিম।
এরপর থেকে প্রায়ই তাকে অনৈতিক কাজে বাধ্য করতেন বলে মেয়েটি শিক্ষার্থী ও সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো বলেন, গত ১৮ জুলাই রাতে অধ্যক্ষের ছেলে ও স্ত্রী মেয়েটিকে প্রচণ্ড মারধর করেন। পরদিন তাকে গ্রামের বাড়ি রেখে দ্রুত চলে যান। স্বজনরা পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
এরপর কলেজে বিষয়টি সবার কাছে জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষব্ধ হয়ে ওঠেন।
ওইদিন অধ্যক্ষ রেজাউল করিম সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে বুধবার মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24