২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারে দাওয়াত না পেয়ে অধ্যক্ষকে শাসানি

ইফতারে দাওয়াত না দেওয়ায় জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষকে শাসিয়েছে কয়েকজন যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

জামালপুর, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারে দাওয়াত না দেওয়ায় জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষকে শাসিয়েছে কয়েকজন যুবক। বুধবার কলেজ কর্তৃপক্ষের ইফতার অনুষ্ঠানের আগে দুপুরে এই ঘটনা ঘটে। ইফতার অনুষ্ঠানে শহরের রাজনৈতিক নেতাদের দাওয়াত দেওয়া হলেও কোনো ছাত্র সংগঠনকে নিমন্ত্রণ জানানো হয়নি। কলেজের অধ্যক্ষ এ কে এম জাওয়াদুল হক জানান, তিনি তার কক্ষে কয়েকজন শিক্ষকের সঙ্গে ইফতার আয়োজন নিয়ে কথা বলছিলেন। ওই সময় আকস্মিকভাবে কয়েকজন যুবক ঢোকে। “তারা জানতে চায়, কেন ছাত্রলীগ নেতা-কর্মীদের ইফতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এক পর্যায়ে তাদের একজন টেলিফোন সেটটি তুলে ছুড়ে মারে,” বলেন তিনি। এরপর ওই যুবকরা দ্রুত কলেজ ত্যাগ করে। অধ্যক্ষ জানান, ওই যুবকদের তিনি চেনেন না। কলেজের উপাধ্যক্ষ বিলকিস রাবেয়া জানান, ছাত্রলীগ পরিচয়ে অধ্যক্ষের কক্ষে হানা দেওয়ার ঘটনাটি নিয়ে শিক্ষক পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছামিউল আওয়াল সাংবাদিকদের বলেছেন, মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে সংঘটিত ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০০ ঘ.