২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকল্যান্ড বাঁধ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

বাবুবাজার থেকে শ্যামবাজার হয়ে শ্যামপুর পর্যন্ত বুড়িগঙ্গা তীরবর্তী বাকল্যান্ড বাঁধ থেকে সব অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবুবাজার থেকে শ্যামবাজার হয়ে শ্যামপুর পর্যন্ত বুড়িগঙ্গা তীরবর্তী বাকল্যান্ড বাঁধ থেকে সব অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ১৮তম সভায় এ নির্দেশ দেওয়া হয়। টাস্কফোর্স প্রধান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাকল্যান্ড বাঁধের ওপরের সড়কটি বর্তমানে দখলদারদের কারণে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এখানে রাস্ত্রা ওপর দোকান বসিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। এজন্য অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সাতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হবে। নদী দখল রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদীর সীমানা চিহ্নিত করে খুঁটি (পিলার) স্থাপন প্রসঙ্গে শাজাহান খান বলেন, নদীর সীমানা খুঁটি স্থাপনের কাজে দায়িত্বে অবহেলা ও নিম্নমানের খুঁটি ব্যবহার হয়েছে। অনেক ঠিকাদার ঠিকমতো সীমানা খুঁটি সরবরাহ ও স্থাপন করতে পারেনি। এসব ঠিকাদারের জামানত বাজেয়াপ্তসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, ঢাকা শহরে অপরিকল্পিতভাবে নির্মিত বাড়িগুলো তাদের নিজস্ব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলেনি। এসব বাড়ির বর্জ্য অপসারণের জন্য ওয়াসার পানির সরবরাহ লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে। এ ধরনের বাড়িগুলোকে চিহ্নিত করে এসব সংযোগ বিচ্ছিন্ন এবং ওইসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ওই সভায়। ঢাকা শহরে ২৬টি সরবরাহ লাইনে এ ধরনের বর্জ্য অপসারণের সংযোগ গড়ে তোলা হয়েছে বলেও জানান শাজাহান খান। পয়ঃনিষ্কাশন লাইনের মাধ্যমে ওয়াসার পানি দূষণের কথাও স্বীকার করেন তিনি। নদী দূষণ রোধে সরকারের নেওয়া ব্যবস্থা কার্যকর করতে না পারার দায় স্বীকার করে মন্ত্রী জানান, ৫২টি পয়েন্ট থেকে ওয়াসার বর্জ্য পড়ে ঢাকার চার নদীর পানি দূষিত হচ্ছে। সরকার ইচ্ছা করলে একদিনের মধ্যেই এই পয়েন্টগুলো বন্ধ করে দিতে পারে। তবে তা করা হলে তিনদিনের মধ্যে রাজধানী বসবাসের অযোগ্য হয়ে পড়বে, রাজধানীতে থাকা যাবে না। সরকারের নদী দূষণ রোধ কার্যক্রমের সফলতা তুলে ধরে তিনি বলেন, এ কার্যক্রমের ফলে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোতে প্রাণীজ উপস্থিতির জন্য প্রয়োজনীয় দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতির পরিমাণ বেড়ে শূণ্য দশমিক ৪৫ থেকে এক মিলিগ্রাম পর্যন্ত হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে এ কার্যক্রম শুরুর সময় যা ছিল শূণ্য। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এসব নদীর পানিতে এই অক্সিজেনের উপস্থিতি দুই মিলিগ্রামে উন্নীত করা সম্ভব হবে, যা ন্যুনতম পাঁচ মিলিগ্রাম দরকার। পর্যায়ক্রমে এই পরিমাণ অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করার সম্ভব হবে। বৈঠকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ রোধ, খনন ও নদীতীরে হাটাপথ নির্মাণের অগ্রগতি পর্যালোচনা এবং যশোরের বেনাপোল এলাকায় ইছামতির সঙ্গে মিশে যাওয়া হাপন নদী থেকে দখলদার উচ্ছেদ করতে জেলা প্রশাসকদের প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানান নৌমন্ত্রী। এছাড়া নদী দূষণের অন্যতম কারণ ঢাকার ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর প্রক্রিয়া ও সাভারের ট্যানারি শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র (সিইটিপি) স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হয় বৈঠকে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্সের এ সভায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকার সংসদ সদস্য সানজিদা খানম, নসরুল হামিদ বিপু, নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০৫ ঘ.