ফরিদপুর, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার গেরদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিমের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সাবিয়াল গ্রামে। আহত শামসুল হক (২৪) ও খোকনও (২৬) একই এলাকার বাসিন্দা। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক নাজমুল জানান, রাত ১১টার দিকে গেরদার শরীফ জুট মিল এলাকায় তিন যুবককে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এরপর তারা ডাকাত সন্দেহে ওই তিনজনকে ধরে বেদম পিটুনি দেয়।
রাত ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিনজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাকিমের মৃত্যু হয় বলে উপপরিদর্শক নাজমুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১২৫৫ ঘ.
bdnews24