সুদ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য অসঙ্গতিপূর্ণ: গ্রামীণ ব্যাংক
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামীণ ব্যাংকের সুদের যে হার উল্লেখ করে প্রধানমন্ত্রী সমালোচনা করেছেন, প্রকৃত চিত্র তা নয় বলে দাবি করেছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকাশের পর মঙ্গলবার এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (ইনফর্মেশন অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেশন) জান্নাত-ই কাওনাইন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ঋণের সুদের হার তুলে ধরেন।
এই বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রামীণ ব্যাংকের সুদের হার প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন, সেটা পরিষ্কার করার জন্যই এই বিবৃতি দেওয়া হয়েছে।”
গ্রামীণ ব্যাংকের সুদের হার নিয়ে দেশে ব্যাপক সমালোচনা রয়েছে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইতোপূর্বে গ্রামীণ ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়নে গঠিত রিভিউ কমিটির প্রতিবেদন উদ্ধৃত করে বলেছিলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার ক্ষুদ্র ঋণদানকারী অন্য প্রতিষ্ঠানের চেয়ে কম।
বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর তা নিয়ে পশ্চিমা বিশ্ব সরকারের সমালোচনা করে আসছে।
বিবিসির সাক্ষাৎকারগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুললে প্রসঙ্গক্রমে তিনি সুদের হার নিয়ে কথা বলেন। গ্রামীণ ব্যাংকে সরকারেরও অংশীদারিত্ব রয়েছে।
ঋণ দিয়ে তার ওপর ৩০ থেকে ৪৫ শতাংশ সুদ নিয়ে দারিদ্র্য বিমোচন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
‘গ্রামীণ ব্যাংকের সুদের হার প্রসঙ্গে’ শীর্ষক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছ, “সম্ú্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের কাছ থেকে ৩০, ৪০ বা ৪৫ শতাংশ সুদ নেয় বলে উল্লেখ করেছেন।
“তার এই সাক্ষাৎকারটি ৩১ জুলাই দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রকৃত তথ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় প্রকৃত তথ্য সবার অবগতির জন্য উল্লেখ করা প্রয়োজন।”
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকে ৫ ধরনের ঋণ কার্যক্রমের জন্য ৫ ধরনের সুদের হার প্রচলিত রয়েছে। এই ঋণ কার্যক্রমগুলোর সুদের হার সর্বোচ্চ ২০ শতাংশ।
গ্রামীণ ব্যাংক বলছে, উপার্জনশীল খাতে তাদের ঋণের সর্বোচ্চ সুদ ২০ শতাংশ। ১০০০ টাকা ঋণ নিলে এক বছরে সাপ্তাহিক কিস্তিতে এ ঋণ পরিশোধ করলে মোট পরিশোধ করতে হয় ১১০০ টাকা। অর্থাৎ এক হাজার টাকার ঋণের ওপর বছরে মোট ১০০ টাকা সুদ। মূল টাকার ওপর ফ্ল্যাট রেটে মাত্র ১০ শতাংশ সুদ দিতে হয়। সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করা হয় বলে এ ঋণের কার্যকর সুদ ২০ শতাংশ।
গৃহনির্মাণের জন্য ঋণে ৮ শতাংশ হারে সুদ, ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার জন্য ঋণে শিক্ষা চলাকালীন কোনো সুদ না নেওয়া হলেও শিক্ষা সমাপ্তির পর ৫ শতাংশ হারে সুদ নেওয়া হয় বলে গ্রামীণ ব্যাংক জানায়।
এছাড়া গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদের যে ঋণ দেয় এবং ব্যাংকের সদস্যদের কেন্দ্রঘর নির্মাণের জন্য যে ঋণ দেয়, তা সুদবিহীন বলে জানানো হয় বিবৃতিতে।
এতে বলা হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আইন- ২০০৬ এর আওতায় প্রণীতব্য বিধিমালার খসড়া বিষয়ে ২০০৯ সালের ৪ এপ্রিল অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর ৫ অনুচ্ছেদে উল্লে¬খ করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের সাধারণ ক্ষুদ্রঋণের বর্তমান কার্যকর বার্ষিক সুদের হার ২০ শতাংশ (যা ফ্ল্যাট পদ্ধতিতে ১০ শতাংশ)।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য এমআরআই কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ সুদের হার ধার্য করা হয়েছে ২৭ শতাংশ।
গ্রামীণ ব্যাংকের সুদের হার সরকার নির্ধারিত সর্বোচ্চ সুদের হারের চাইতে ৭ শতাংশ কম বলে দাবি করা হয় বিবৃতিতে।
এতে আরো বলা হয়, গ্রামীণ ব্যাংক জন্ম থেকেই এর গ্রাহকদের ঋণের ক্ষেত্রে ডিক্লাইন ব্যালেন্সের ওপরই সুদ ধার্য করে আসছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংক কখনই পরিশোধিত ঋণের ওপর সুদ ধার্য করে না।
“অধিকন্তু ঋণের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক সব সময় সরল সুদ হিসাব করে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হিসাব করে না। গ্রামীণ ব্যাংকের হিসাব পদ্ধতিতে মূল ঋণ এবং আদায়যোগ্য সুদের হিসাব পৃথক খাতে সংরক্ষণ করা হয়। এ ক্ষেত্রে কখনই সুদকে মূল ঋণের সঙ্গে একীভূত করা হয় না।”
বিবৃতিতে আরো বলা হয়, গ্রামীণ ব্যাংকের সুদ কোনো অবস্থাতেই মূল টাকার বেশি হতে পারে না। ঋণগ্রহীতা দীর্ঘদিন ঋণ পরিশোধ না-করলে মোট সুদের পরিমাণ মূল টাকার বেশি হতে পারে না।
এছাড়া সালতামামীতে নিট মুনাফা অর্জিত হলে গ্রামীণ ব্যাংকের মালিক হিসেবে শেয়ার হোল্ডার সদস্যদের ডিভিডেন্ড দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
• ‘এত বড় মানুষ, দল গড়তে ব্যর্থ হলেন কেন?’
