চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিশু অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যার। উদ্ধার করা হয় অপহৃত শিশুটিকেও।
সোমবার নগরীর বায়েজিদ থানার মুরাদনগরে একটি মোবাইল ফোনের দোকান থেকে শিশুটিকে উদ্ধার এবং কিশোর অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম (১৪) চট্টগ্রামের ভুজপুর থানার পশ্চিম বড় রেত্থয়ার মো. তাজুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া শিশু আলাল উদ্দিন হোসেন সজীব (১১) নগরীর বায়েজিদ থানার মুরাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব- ৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার (এএসপি) আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে কিশোর নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে ওই অপহরণের ঘটনায় জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
এরপর ওই কিশোরের দেয়া তথ্য মতে অপহৃত শিশুটিকে সোমবার সকালে নগরীর বায়েজিদ থানার মুরাদনগর এলাকা থেকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।
আমিরুল ইসলাম বলেন, গত রোববার ওই শিশুকে কয়েকজন অপহরণকারী অপহরণ করে তার মায়ের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরের দিন সোমবার শিশুটির মা সুরমা বেগম তার শিশুকে অপহরণ করা হয়েছে বলে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে অভিযোগ করেন বলে জানান এই র্যাব কর্মকর্তা।
গ্রেপ্তার নুরুল ইসলাম কিশোর অপরাধী হিসেবে অভিযুক্ত হয়েছে বলে জানান আমিরুল ইসলাম। নুরুল ইসলামকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, একই অপহরণ ঘটনায় জড়িত পলাতক মো. রাশেদকে (৩০) গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24