২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রে নির্দলীয় বলে কিছু নেই: সুরঞ্জিত

গণতন্ত্রে নির্দলীয় ও অনির্বাচিত শাসন ব্যবস্থা নামে কিছু নেই বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রে নির্দলীয় ও অনির্বাচিত শাসন ব্যবস্থা নামে কিছু নেই বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সার্ক চিলড্রেনস ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, “আমার মনে হয় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভাল করে শোনেননি। গণতন্ত্র মানেই দলীয় সরকার। নির্দলীয় ও অনির্বাচিত শাসন ব্যবস্থা বলে গণতন্ত্রে কিছু নেই। আপনারও (খালেদা জিয়া) তো দল আছে, জোট আছে।” লন্ডনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার বলেন, “অন্তবর্তিকালীন নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। নইলে কোন নির্বাচনই হতে দেয়া হবে না।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ওই সাক্ষাৎকারে। গতবছর ৩০ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকেই তা পুনর্বহালের জন্য আন্দোলন করে আসছে বিএনপি। আগামী নির্বাচনে সর্বদলীয় এবং নিরপেক্ষ সরকার গঠিত হবে মন্তব্য করে আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী আপনাদের (বিএনপি) এই সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের সংবিধান, নির্বাচন কমিশনেও তাই রয়েছে। এরপর তো কোন দ্বন্দ্ব থাকার কথা নয়।” তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের অনড় অবস্থানকে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, আগামী নির্বাচন অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে হবে। কিন্তু তারা (বিএনপি) সরকারের সঙ্গে কোন রকম আলোচনায় না গিয়ে একের পর এক সংঘাত সৃষ্টি করছে; এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করব, এবার বিরোধীদল সরকারের অবস্থানকে মেনে নেবে। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ড. মির্জা জলিল, সার্ক চিল্ড্রেন ফোরামের সভাপতি এম আজিজুল ইসলাম, ঢাকা মেডিক্যাল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/১৬৩৫ ঘ.