২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী হেলালকে জেরা

দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিনকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিনকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার বেলা সোয়া ১২টা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও ঊর্ধ্বতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। শুরুতেই এনএসআইর সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের আইনজীবী মো. আহসান সাক্ষীকে জেরা করেন। এর আগে সোমবার সার্জেন্ট হেলাল সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আসামিপক্ষের এক আইনজীবী তাকে আংশিক জেরা করেছিলেন। সাক্ষ্যে হেলাল বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে দশ ট্রাক সমপিরামাণ অস্ত্র খালাসকালে সময়ে উলফানেতা আবুল হোসেন পরিচয়ে সিইউএফএল জেটিঘাটে উপস্থিত ছিলেন এনএসআইর সাবেক কর্মকর্তা লিয়াকত হোসেন। এছাড়া ঘটনাস্থল থেকে আটক পাঁচ ব্যক্তিকে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি। হেলাল উদ্দিন সে সময় ঘটনাস্থল সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সার্জেন্ট আলাউদ্দিন ও তিনি সবার আগে ঘটনাস্থলে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএইচ/১৪৪৫ ঘ.