টাঙ্গাইল, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলা থেকে দু'টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বরুহা চরপাড়া থেকে একটি ও বেলটিয়াবাড়ি থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সন্তোষের ইন্তাজ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪২) এবং ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়ার বাবর আলীর ছেলে সবেদ আলী। বাচ্চু ইজিবাইক চালক ও সবেদের নতুন বাস টার্মিনালে চায়ের দোকান রয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বরুহা চড়পাড়া সড়কের পাশে একটি জবাই করা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ ও একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, সোমবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাচ্চু আর ফেরেননি।
তার ইজিবাইকটিও পাওয়া যায়নি।
অন্যদিকে শহরের বেলটিয়াবাড়ি খালের পাড় থেকে সবেদেও লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১৪ ঘ.
bdnews24