বাগেরহাট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রদলের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রদল রায়েন্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হাসান আকন (১৫) মারা যান। তারপরই হামলায় জড়িত অভিযোগে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ।
গত ২৭ জুলাই রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে উপজেলা ছাত্রদলের বর্ধিত কর্মীসভা চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হাসান। প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসান রায়েন্দা পাইলট হাইস্কুলের কারিগরী শাখার নবম শ্রেণির ছাত্র ছিলেন। সে উপজেলার জিলবুনিয়া গ্রামের জয়নুল আবেদিন আকনের ছেলে।
শরণখোলা উপজেলা ছাত্রদলের সভাপতি বেল্লাল হোসেন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১০টার দিকে হাসানের মৃত্যু হয় ।
তিনি বলেন, “কর্মীসভা চলাকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েতের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালালে হাসান গুরুতর জখম হয়।”
শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওইদিনের হামলায় জড়িত থাকার অভিযোগে রাতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েতকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১০২ ঘ.
bdnews24