২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে পল্লী ব্যাংকে রূপান্তরের প্রস্তাব

সদস্যদের সঞ্চয়ের অর্থের নিশ্চয়তা এবং ঋণ দেওয়া-নেওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে ‘পল্লী ব্যাংক’ নামে রূপান্তরের প্রস্তাব করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্যদের সঞ্চয়ের অর্থের নিশ্চয়তা এবং ঋণ দেওয়া-নেওয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে ‘পল্লী ব্যাংক’ নামে রূপান্তরের প্রস্তাব করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। পরীক্ষা-নিরীক্ষাসহ বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আলোচনা করে প্রস্তাবটি চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে প্রকল্পটির বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটি। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এক সভায় সোমবার এ নির্দেশনা দেওয়া হয়। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার বলেন, ২০০৯-১৪ মেয়াদে বাস্তবায়নাধীন এক হাজার ১৯৭ কোটি টাকার এ প্রকল্পের আওতায় দেশের ৪৮৩টি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রায় দুই হাজার ইউনিয়নে ছয় লাখ পরিবারের জীবিকা নিশ্চিতের কাজ চলছে। এসব পরিবারকে গবাদিপশু, হাঁস ও মুরগি, সবজি বীজ ও গাছের চারা এবং গৃহনির্মাণ সামগ্রী দেওয়া হয়। এছাড়া প্রতিটি গ্রামের জন্য সংগঠন করে এসব সংগঠনকে ৩৬ হাজার ৩৫০ টাকা করে ঘুর্ণায়মান ঋণ তহবিল দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১১ সালে প্রকল্প সংশোধন করে এর এলাকা স¤প্রসারণ এবং অর্থের পরিমাণ এক হাজার ৪৯২ কোটি টাকা নির্ধারণ করা হয়। সচিব জানান, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় ১৭ হাজার গ্রামে গ্রাম সমিতি গঠন করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। এতে ১০ লাখ ৩৮ হাজার উপকারভোগী নির্বাচন করা হয়। ১০ লাখ চার হাজার ২৯৪ জন উপকারভোগীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব সমিতিকে ঘুর্ণায়মান ঋণ তহবিল দেওয়া হয় ২০৪ কোটি টাকা। প্রকল্প নেওয়া হয়েছে দুই লাখ ২৫ হাজারটি। মিহির কান্তি মজুমদার এসব সদস্যের মধ্যে সঞ্চয় এবং ঋণ দেওয়া-নেওয়ার ব্যাপারে আস্থা অর্জনে গ্রামীণ ব্যাংকের আদলে ‘পল্লী ব্যাংক’ নামে একটি ব্যাংক গড়ে তোলার প্রস্তাব করেন। স্টিয়ারিং কমিটির সদস্যদের আপত্তির মুখে প্রস্তাবটি নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঈদের ছুটিতে স্টিয়ারিং কমিটির সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে এ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং উঠোন বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানান। বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও জ্বালানি সচিব মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩১৩ ঘ.