২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি বিরোধ: ‘আইন সংশোধন আগামী অধিবেশনে’

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর সংশোধনীর খসড়া গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর সংশোধনীর খসড়া গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইনটি সংশোধিত আকারে পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভায় আইনটি সংশোধনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির চার দফা সুপারিশ সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি আইন সংশোধনে ১৩টি সুপারিশ দেয়। এর মধ্যে বিভিন্ন সময় আন্তঃমন্ত্রণালয়ের সভায় নয়টি সুপারিশ গৃহীত হয়। সোমবারের সভায় সর্বসম্মতভাবে বাকি সুপারিশগুলোও গ্রহণ করা হল। আইনের সংশোধনী খসড়া গৃহীত হওয়ায় ভূমি বিরোধ নিস্পত্তি সহজ হবে বলে মনে করছেন আইনমন্ত্রী। সংশোধনীগুলো গ্রহণ করে তিনি বলেন, সংবিধান এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় এ সংক্রান্ত কমিটির সবগুলো সুপারিশই গ্রহণ করা হয়েছে। চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, “যেসব বিষয়ে দ্বিমত ছিল আমরা সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি।” সংশোধনের প্রস্তাবে আইনের ৬ (১) (খ) ধারায় ‘এযাবত এবং তার পরেও অবৈধভাবে কোনো ভূমি বেদখল হয়ে থাকলে কমিশন তা বিবেচনায় নিতে পারবে’ এই অংশটুকু যোগ করতে বলা হয়েছে। ৬ (১) (গ) ধারায় ‘তবে শর্ত থাকে যে প্রযোজ্য আইনে অধিগ্রহণকৃত ভূমি এবং রক্ষিত বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প কারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত ভূমির ক্ষেত্রে এই উপধারা প্রযোজ্য হাইবে না’ এই অংশটুকু বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। ৭ (৩) ধারা সংশোধন করে চেয়ারম্যান ও তিন সদস্যের সমন্বয়ে কোরাম গঠনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ৭ (৫) ধারায় ‘চেয়ারম্যানের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’ অংশটুকু সংশোধন করে ‘চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’ দ্বারা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমাসহ পাহাড়ি নেতারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩১৪ ঘ.